স্ত্রীর নেয়া ব্র্যাকের ঋণের টাকার জামিনদার হওয়ায় প্রাণ দিতে হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের দরিদ্র রিকশা চালক আবদুর রশিদকে (৫০)। বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা ব্র্যাক কার্যালয়ের পেছন থেকে একটি নারিকেল গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর থেকে ব্র্যাক ম্যানেজারসহ তিন কর্মকর্তা-কর্মচারী পলাতক রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা একে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা গ্রামের দরিদ্র রিকশা চালক আবদুর রশিদের স্ত্রী মোমেনা বেগম ব্র্যাক থেকে দুই দফায় ২৫ হাজার টাকা ঋণ নেয়। সুদে-আসলে এ ঋণ ৩৫ হাজার টাকায় দাঁড়ায়। এ টাকা শোধ করতে না পেরে মোমেনা বেগম কিছুদিন আগে চট্টগ্রাম চলে যায়। ব্র্যাক কর্মকর্তারা ঋণগ্রহীতা মোমেনা বেগমকে না পেয়ে তার ঋণের জামিনদার স্বামী আব্দুর রশিদকে মঙ্গলবার দুপুরে ব্র্যাক চৌদ্দগ্রাম অফিসে ধরে নিয়ে আটকে রাখে। বুধবার সকালেই রশিদের মৃত্যুর খবর আসে।
ব্র্যাকের এরিয়া ম্যানেজার আহমেদ শরীফ বলেন, ম্যানেজার শ্যামল, শাহীন ও নাইটগার্ডকে খুঁজে পেলে ব্যাপারটি জানা যাবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
